ঘাটাল মাস্টার প্ল্যানে, বাজেটে বরাদ্দ ১২০০ কোটি টাকা

বছরের পর বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চলেছে দড়ি টানাটানি। যার অন্যতম কারণ ছিল কেন্দ্র ও রাজ্যে দুই ভিন্ন সরকার ক্ষমতায় থাকায় নানা বিষয় নিয়ে মতপার্থক্য ও সমন্বয়ের অভাব। ২০২৪-এর লোকসভা ভোটের প্রাক্কালে আরামবাগে একটি সভায় সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে পাশে বসিয়ে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজেদের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে।

২০২৫-এ রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়। সেই মতো প্রাথমিক পর্যায়ের কাজ শুরু শুরু হলেও রাজ্যে সরকার বদলানোয় ঘাটাল মাস্টার প্ল্যান-এর ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন দেখা দেয়। বিনিময়ে ভোট এলে মিলতো কিছু অপ্রত্যাশিত প্রতিশ্রুতি ৷
ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের নানা ক্ষেত্রে বিরাট পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে। সেই ক্ষেত্রে বাদ যাবে না ঘাটাল মাস্টার প্ল্যানও। সোমবার বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget) ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে স্থানীয় বাসিন্দারা মুক্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। আর সেই ঘোষণার পর থেকেই ঘাটাল জুড়ে আশার আলো দেখতে শুরু করেছেন বাসিন্দারা ।

আরও পড়ুনঃ West Bengal Budget 2026: ১ লক্ষ সরকারি চাকরি, রাজ্যে নতুন ৫টি জেলা, কর নিয়ে প্রস্তাব

ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে 'ঘাটাল মাস্টারপ্ল্যান' শুধুমাত্র একটি প্রকল্প নয়, বরং বহু দশকের জলযন্ত্রণা থেকে মুক্তির স্বপ্ন । বর্ষা এলেই শিলাবতী, কংসাবতী ও অন্যান্য নদীর জল উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় । ঘরবাড়ি, চাষের জমি, রাস্তা- সবই ডুবে যায় জলের তলায় । সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই বহু বছর আগে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টারপ্ল্যান ।
ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন, বহু বছরের দাবি পূরণের পথে এ এক বড় পদক্ষেপ ৷ তবে তাঁর মতে, "শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না । দ্রুত তদারকি কমিটি গঠন করে পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করতে হবে ।" ঘাটালের বাসিন্দা সমরেশ বেরা বলেন, "ছোটবেলা থেকে শুনে আসছি ঘাটাল মাস্টারপ্ল্যান হবে । বাবা-ঠাকুরদাও একই কথা শুনেছেন । কিন্তু কাজ এগোয়নি । এবার বাজেটে টাকা বরাদ্দ হয়েছে । আশা করছি সরকার দ্রুত কাজ শুরু করবে এবং আমরা জল-যন্ত্রণার অভিশাপ থেকে মুক্তি পাব ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ