West Bengal Budget 2026: ১ লক্ষ সরকারি চাকরি, রাজ্যে নতুন ৫টি জেলা, কর নিয়ে প্রস্তাব

West Bengal State Budget 2026: আজ(২২শে জুন) বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ হল রাজ্য বাজেট। পশ্চিমবঙ্গে পালাবদলের পর এটি বিজেপি সরকারের প্রথম বাজেট। কর্মসংস্থান, শিল্প বিনিয়োগ, পে কমিশন, DA বৃদ্ধি নিয়ে এদিন বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্পষ্ট জানান, "পূর্বতন সরকারের থেকে আমরা উত্তরাধিকার সূত্রে ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার এক বিপুল ঋণের বোঝা পেয়েছি। তা সত্ত্বেও রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি সচল থাকবে এবং সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

এর পাশাপাশি অর্থমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।
রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। শূন্যপদে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত। পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব। ৫০ হাজার শিক্ষক-অধ্যাপক নিয়োগের প্রস্তাব। শিক্ষাকর্মীদের জন্য ১ হাজার শূন্য পদে নিয়োগ। যেখানে প্রযোজ্য সেখানে ১০% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত।

রাজ্যে মোট পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব

রাজ্যে মোট পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এই পাঁচটি প্রস্তাবিত জেলা হল— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

কর নিয়ে প্রস্তাব

বেতনভোগী ব্যক্তিদের কর মকুবের ক্ষেত্রে মাসিক আয়ের সীমা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হল ৷ একইভাবে, স্বনিযুক্ত ব্যক্তিদের কর মকুবের ক্ষেত্রে বার্ষিক আয়ের সীমা ৬০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা এবং ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বার্ষিক গ্রস রিসিপ্ট বা ট্রানওভারের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ