ফুটপাতে হাঁটার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করল সুপ্রিম কোর্ট, আইন প্রণয়নের নির্দেশ

শুক্রবার (১৯ জুন) এক রায়ে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট ও সুরক্ষিত ফুটপাতে হাঁটার স্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে, যা মোটরচালিত যানবাহনের চলাচলের চেয়ে অগ্রাধিকার পাবে। “যদি কোনো রাস্তা থাকে, তবে পথচারীদের জন্য একটি ফুটপাত চিহ্নিত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার আবশ্যিক দায়িত্বও থাকবে। এটি একটি আইনত বলবৎযোগ্য দায়িত্ব। চিহ্নিত ফুটপাতে হাঁটার মৌলিক অধিকার মোটরচালিত যানবাহনের সুবিধার চেয়ে অগ্রাধিকার পাবে,”—রায় প্রদানকারী বিচারপতি পি. এস. নরসিমা(P.S. Narasimha) এ কথা উল্লেখ করেন। বাবার সঙ্গে হেঁটে স্থানীয় স্কুলে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় এই রায় দেওয়া হয়েছে।

বিচারপতি নরসিমা বলেন, প্রতি পদক্ষেপে কোনো বিপদের আশঙ্কা ছাড়াই প্রশস্ত ফুটপাত ধরে নিরাপদে ও নিশ্চিন্তে হেঁটে চলা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তিনি মন্তব্য করেন যে, এটি "মানুষের অতি সাধারণ এক কার্যকলাপ, যা জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত"।
আদালত উল্লেখ করে যে, সংবিধান 'হেঁটে চলা'-কে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি ও নিশ্চয়তা দিয়েছে; সংবিধানে বলা হয়েছে, "ভারতের সমগ্র ভূখণ্ডে অবাধে চলাফেরার অধিকার সকল নাগরিকের থাকবে"।
কিন্তু সময়ের সাথে সাথে অর্থনীতি, বাণিজ্য এবং দ্রুত নগরায়ণের চাহিদার চাপে হেঁটে চলাকে এখন একটি 'অসুবিধা' বা ঝামেলার বিষয় হিসেবে দেখা হচ্ছে। যান্ত্রিক বাহনে চলাচলের বিষয়টি মানুষের চিন্তাজগৎকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে, হাঁটার গুরুত্ব বা আনন্দ আজ গৌণ হয়ে পড়েছে। আদালত পর্যবেক্ষণ করে যে, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ প্রশস্ত রাস্তা ও এক্সপ্রেসওয়েকেই উন্নয়নের মাপকাঠি হিসেবে গণ্য করে চলেছে এবং মোটরগাড়ি চলাচলের পথ তৈরিতেই ব্যস্ত; অথচ হেঁটে চলার মতো অপরিহার্য ও আনন্দদায়ক বিষয়টির জন্য তারা খুব সামান্য জায়গাই রাখছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ