পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপনে আজ রাজ্যে প্রধানমন্ত্রী মোদী। দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন প্রাদেশিক আইনসভায় পাশ হয়েছিল বঙ্গ বিভাজন করে পশ্চিমবঙ্গ গঠন এবং তার ভারতভুক্তির প্রস্তাব। সেই উপলক্ষে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সভা করবেন তিনি। সূত্রের খবর, সেই সভা থেকে একগুচ্ছ প্রশাসনিক ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষ করে তারকেশ্বর হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে এসে পৌঁছবেন রেসকোর্সে। রেসকোর্স থেকে সড়কপথে লোকভবন আসবেন প্রধানমন্ত্রী। আজ রাতে লোকভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উন্নয়নমূলক প্রকল্পের সূচনা: এই সফর থেকে প্রধানমন্ত্রী রেল, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্যচাষ এবং পশুপালনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, দেশব্যাপী 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি' (PM-KISAN)-র ২৩তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন তিনি।
আন্তর্জাতিক যোগ দিবস: আগামীকাল ২১ জুন (রবিবার) সকালে কলকাতার রেড রোডে আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রায় ৩৫,০০০ মানুষের সাথে তিনি সেখানে যোগব্যায়াম করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ