হুগলি নদীর তীরে গড়ে উঠবে এবার ডলফিন পার্ক, গঙ্গাকে দূষণমুক্ত করতে নতুন পদক্ষেপ রাজ্যের

গঙ্গাকে দূষণমুক্ত করতে এবং গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে 'নমামি গঙ্গে' (Namami Gange) প্রকল্পের অধীনে হুগলি নদীর তীরে ডলফিন পার্ক স্থাপনের পরিকল্পনা চলছে। একটি পার্কের জায়গা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, তবে অপরটি কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (১৯ জুন) রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যে দুটি ডলফিন পার্ক তৈরি করার কথা হচ্ছে, তার মধ্যে একটি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৈরি করা হবে।

রাজ্য সরকারের দাবি, 'স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা' প্রকল্পের অধীনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলেই এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। নদীর জৈব-রাসায়নিক অক্সিজেন চাহিদা মাত্রা ৩ মিলিগ্রাম/লিটার-এর নিচে নেমে এসেছে। ২০১৮ সালে যেখানে ছিল ১২ মিলিগ্রাম/লিটার এবং ২০২২ সালে ৮ মিলিগ্রাম/লিটার। ফলে জল আরও পরিষ্কার হয়েছে বলে তথ্যে উঠে এসেছে।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন যে, কলকাতায় পাঁচটি নিকাশি বর্জ্য শোধন কেন্দ্র বা সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে হুগলি নদীতে অপরিশোধিত নিকাশির জল এসে মেশার পরিমাণ অনেক কমবে। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে জল মিটার ব্যবহারের বিষয়েও চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। রাজ্যে ডলফিন পার্ক তৈরি হলে হুগলি নদী সংলগ্ন অঞ্চলে পর্যটন শিল্প ও কর্মসংস্থানের পরিসর তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও নদীর জল পরিষ্কারের মাধ্যমে গাঙ্গেয় ডলফিনের স্বাভাবিক বাসস্থান নিশ্চিত করা এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ