Indian Premier League: অতিরিক্ত গরমের কারণে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের সময়সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, ২০২৭ থেকে আইপিএল আরও আগে শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মূল কারণ হিসেবে উঠে এসেছে প্রচণ্ড গরম এবং আবহাওয়াজনিত সমস্যার বিষয়টি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে কোটিপতি লিগ শুরুর সম্ভাব্য দিনক্ষণ কেমন হতে পারে, জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
বর্তমানে আইপিএলে ১০টি দল খেলে। মোট ম্যাচ হয় ৭৪টি। লিগ পর্বে সব দল সবার বিরুদ্ধে খেলে না। দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, নতুন সময়ে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। বর্তমানে আইপিএল সাধারণত মার্চের শেষ সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষ দিকে শেষ হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এপ্রিল-মে মাসে তীব্র তাপপ্রবাহ এবং কিছু অঞ্চলে আগাম বর্ষার কারণে ম্যাচ আয়োজন ও খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়ছে। সেই কারণেই টুর্নামেন্টকে প্রায় দুই থেকে তিন সপ্তাহ এগিয়ে আনার চিন্তাভাবনা চলছে। অর্থাৎ শুরু হতে পারে ২০২৭ সালের ১০ মার্চে চলবে ১৫ মে পর্যন্ত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআই সচিব বলেন, “গতবছর আইপিএল এক সপ্তাহ বাড়াতে হয়েছিল। কারণ মাঝের বিরতি। প্রতিযোগিতা ৩১ মে পর্যন্ত চলেছিল। কিছু জায়গায় অতিরিক্ত গরম কিংবা বৃষ্টির প্রভাব পড়েছে। সেই কারণেই আরও ১৫ দিন আগে আইপিএল শুরুর কথা আমাদের ভাবনায় রয়েছে।” তিনি আরও বলেন, “এই বছর ২৮ মার্চ শুরু হয়েছিল আইপিএল। পরের বছর ১৫ মার্চ শুরু করার চেষ্টা করব। সেটা হলে ১৫ মে-র মধ্যে প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। মে মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকে। তাছাড়াও গরমও প্রবল থাকে। যার প্রভাব পড়ে ক্রিকেটার থেকে দর্শকদের উপর। আশা করি এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে। যদিও আপাতত সমস্ত কিছু চিন্তাভাবনার পর্যায়ে। এখনও কিছু ঠিক হয়নি।”
তিনি আরও বলেন, "দু'মাসের বেশি সময় পাওয়া আমাদের সম্ভব নয় কারণ অন্যান্য দেশগুলো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় ৷ তাই ম্যাচ সংখ্যা বাড়ানো নিয়ে এখনই কোনও আলোচনা নয় ৷ ফলত ম্যাচ সংখ্যা 74 থেকে 94 এখনই সম্ভব হচ্ছে না ৷"
যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবুও আইপিএলের ২০তম আসরের আগে সূচিতে বড় পরিবর্তনের সম্ভাবনা হতে পারে বলে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সইকিয়ার কথায়।

0 মন্তব্যসমূহ